ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিশেষজ্ঞরা

দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি তিনজনে একজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৬, ২৫-১০-২০২৬

দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি তিনজনে একজন

ছবি: মেডিকেল পোস্ট

দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। বিভিন্ন ধরনের লিভার রোগে ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। অথচ এসব রোগের চিকিৎসায় দেশে হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ না নিলে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট’-এ লিভার রোগের এমন চিত্র উঠে এসেছে। গতকাল (২৪ অক্টোবর) কলেজের মিলন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বৈজ্ঞানিক সেশনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সাইফুল ইসলাম বলেন, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ। হেপাটাইটিস সিসহ অন্যান্য লিভার রোগেও আক্রান্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। সব মিলিয়ে দেশে প্রায় পাঁচ কোটি মানুষের লিভার রোগের চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম প্রয়োজন। কিন্তু এ জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

তিনি বলেন, একসময় দীর্ঘমেয়াদি লিভার রোগের প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি ও সি ভাইরাস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন অস্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভাব, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের মতো অভ্যাস ভবিষ্যতে লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: শাহিনুল আলম বলেন, লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের নানা জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়া পরিচালনায় এর ভূমিকা রয়েছে। তবে লিভারের রোগ অনেক সময় প্রাথমিক পর্যায়ে স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা: এ বি এম শাকিল গনি লিভার রোগের চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। এ জন্য একটি লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস সরকারি হাসপাতালগুলোতে লিভার প্রতিস্থাপন চালুর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, লিভার রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সহযোগিতা করবে। সরকারি হাসপাতালগুলোতে এ সেবা চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমপি/ আরআই

আরও পড়ুন