ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

চিকিৎসা নেওয়া হলো না শিক্ষিকার, সড়ক দুর্ঘটনায় পথেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৫, ২৫-১০-২০২৬

চিকিৎসা নেওয়া হলো না শিক্ষিকার, সড়ক দুর্ঘটনায় পথেই মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসার জন্য ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চড়ে শহরে যাচ্ছিলেন স্কুলশিক্ষিকা হাজেরা বেগম। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ট্রলির ধাক্কায় সড়কে প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার ভাই ও মোটরসাইকেলচালক মো. শাহজাহান আলী আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার গ্রামের মৃত সনু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলে করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিলেন হাজেরা বেগম। পথে লালাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় শাহজাহান আলী তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন