ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিল ছাড় নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৬, ০৪-১১-২০২৬

বিল ছাড় নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতাল ভাঙচুর

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল (৩ নভেম্বর) রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, হামলায় সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়িত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিলের ওপর ছাড় দেওয়ার অনুরোধ করেন তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও তা নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই রোগী চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর হাসপাতালে জড়ো হন কয়েকজন যুবক। পরে তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে হাসপাতালের সামনের অংশ ও নিচতলার রিসেপশনে ভাঙচুর করেন। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের বিপরীতে অবস্থিত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ হামলায় জড়িত। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থী বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী বলেন, ‘গ্রাফিক আর্টস কলেজের ভেতর থেকে লোকজন এসেছে। শুধু ভাঙচুরই নয়, চালানো হয়েছে লুটপাটও। ৫০-৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।’

এদিকে, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এমপি/ আরআই

আরও পড়ুন