ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৮, ০৪-১১-২০২৬

চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

ছবি: মেডিকেল পোস্ট

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওষুধ বিতরণ করা হয়েছে।

গতকাল (৩ নভেম্বর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ওষুধ হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে এসব ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে চমেক হাসপাতালের জন্য প্রায় ২ কোটি টাকা এবং চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ রয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ডা: শাহাদাত হোসেন বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধসামগ্রী প্রদান একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। এ সহযোগিতার ফলে চমেক হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে শুধু ওষুধ সরবরাহ নয়—চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করা গেলে চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন