ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাঁচার আকুতি জানিয়ে শেষ বার্তা, মারা গেলেন সেই মেডিকেল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৪, ০৪-১১-২০২৬

বাঁচার আকুতি জানিয়ে শেষ বার্তা, মারা গেলেন সেই মেডিকেল শিক্ষার্থী

ছবি: মেডিকেল পোস্ট

‘আমি আবার আমার প্রিয় ক্যাম্পাসে ফিরতে চাই, মোড়লে বসে আপনাদের সাথে আড্ডা দিতে চাই, আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান’—সহপাঠীদের কাছে এমন আকুতি জানিয়ে শেষ বার্তা দিয়েছিলেন মো. রাতুল ইসলাম। তবে আর ক্যাম্পাসে ফেরা হলো না তার।

দীর্ঘদিন রক্তের জটিল রোগ হিমোফিলিয়ায় আক্রান্ত থাকার পর গতকাল (৩ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের এই শিক্ষার্থী।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে সম্মিলিত মেসেঞ্জার গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে বার্তা দেন রাতুল। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় ব্যাচমেট, শ্রদ্ধেয় সিনিয়র ভাই বোনেরা, আদরের জুনিয়র, আপনাদের কাছে আমার অনুরোধ আমি যে মহাসমুদ্রের পরিমাণ বিপদে পড়েছি আপনাদের সাহায্য-সহযোগিতা ছাড়া এ বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আমি আবার আমার প্রিয় ক্যাম্পাসে ফিরতে চাই, মোড়লে বসে আপনাদের সাথে আড্ডা দিতে চাই, আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান।’

তিনি আরও লেখেন, ‘ঢাকা মেডিকেলে আমার লোক দরকার, আমার আব্বু তেমন একটা পড়াশোনা জানে না ও কিছু চেনেও না। এটাই হয়তো আমার এই গ্রুপে শেষ বার্তা হতে পারে। আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান।’

রাতুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি পাবনার বেড়া উপজেলার আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন