ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৪, ০৯-১১-২০২৬ | আপডেট: ৪:২৭, ০৯-১১-২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার তাগিদ

ছবি: মেডিকেল পোস্ট

ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসাসেবা জোরদার করতে দেশে একটি সরকারি জাতীয় বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশ ২০০৬ সালে জাতিসংঘে ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তুললেও এখন পর্যন্ত দেশে ডায়াবেটিসের জন্য কোনো সরকারি জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য তুলে ধরে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ ছাড়া প্রাপ্তবয়স্কদের প্রায় ৩০ শতাংশ প্রি-ডায়াবেটিক অবস্থায় রয়েছেন। ২০৫০ সাল নাগাদ দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রায় ৫০ শতাংশই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে ভুগছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মূল ভিত্তি রোগ প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রাথমিক প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। অন্ধত্ব, কিডনি বিকল, হৃদরোগ ও ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস। এ রোগ থেকে সুরক্ষায় দ্রুত শনাক্তকরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং সরকারি ‘ওয়ান-স্টপ’ বিশেষায়িত ডায়াবেটিস ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি।

এসিইডিবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা: ফরিদ উদ্দিন বলেন, ২০০৬ সালে বাংলাদেশের প্রস্তাবেই জাতিসংঘ বিশ্ব ডায়াবেটিস দিবসকে স্বীকৃতি দিয়েছিল। এটি দেশের জন্য বড় গৌরব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত দেশে একটি সরকারি জাতীয় ডায়াবেটিস ইনস্টিটিউট গড়ে ওঠেনি।

তিনি বলেন, সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে ডায়াবেটিস নন-ট্রমাটিক অন্ধত্ব ও পা কেটে ফেলার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কেবল জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ৫০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমন্বিত উদ্যোগ ও বৈজ্ঞানিক চিকিৎসার সুযোগ বাড়াতে হবে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম বলেন, ডায়াবেটিস এখন জাতীয় সংকট। আন্তর্জাতিক তথ্যমতে, দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৩ দশমিক ২ শতাংশ এ রোগে ভুগছেন। ডায়াবেটিসের মতো রোগ নিয়ে জনসচেতনতা তৈরি ও সরকারি নীতিনির্ধারণে সহায়তা করতেই এ গোলটেবিল বৈঠকের আয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: মো. নুরুল ইসলাম বলেন, ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে রোগী সুস্থ থাকতে পারেন। সরকার উপজেলা পর্যায়ে ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যায় রূপান্তর করছে। সেখানে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে সুগার পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ এবং প্রান্তিক পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম জোরদারেও কাজ চলছে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা: সাইদ মেহবুব উল কাদির বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৩৩ শতাংশ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভোগেন, যা পরবর্তী সময়ে অন্ধত্বের কারণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে লেজার, ডিজিটাল কালার ফান্ডাস ফটোগ্রাফি ও বিনামূল্যে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ সম্ভব। এজন্য ডায়াবেটিস শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীদের চোখ ও রেটিনা পরীক্ষার কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি।

গর্ভকালীন ডায়াবেটিস ও নারীস্বাস্থ্য প্রসঙ্গে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা: ফিরোজা বেগম বলেন, গর্ভাবস্থায় প্রায় ২৫ শতাংশ নারী কোনো না কোনো ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হন। এতে গর্ভপাত, শিশুর জন্মগত ত্রুটি ও প্রসূতি মৃত্যুর ঝুঁকি বাড়ে। গর্ভধারণের আগেই ডায়াবেটিস স্ক্রিনিং ও নিয়ন্ত্রণ জরুরি। নারীদের সার্বিক চিকিৎসার জন্য একটি ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার’ গড়ে তুলতেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এম এ হালিম খান এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মাহমুদুল হোসাইন কর্মক্ষেত্রে শারীরিক নিষ্ক্রিয়তা দূর করা, অফিসে বার্ষিক স্ক্রিনিং চালু করা এবং ৬৪ জেলায় বিশেষায়িত এন্ডোক্রাইন সেবা ছড়িয়ে দেওয়ার দাবি জানান।

সামাজিক মাধ্যমে ডায়াবেটিস নিরাময়ের ভুয়া বিজ্ঞাপন ও অপচিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মীর মোশাররফ হোসাইন। তিনি বলেন, ইনসুলিন বন্ধ করা, সাত দিনে ডায়াবেটিস নির্মূল কিংবা চা-শরবত খেয়ে ডায়াবেটিস নিরাময়ের মতো ভুয়া প্রচারণা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসটিআই বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া স্বাস্থ্যসংক্রান্ত বিজ্ঞাপন প্রচার আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

গোলটেবিল বৈঠকে এসিইডিবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ প্রসাদ সরকারের কাছে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আটটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ঢাকায় জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট নির্মাণে নির্ধারিত ৩ একর জমি বরাদ্দ; ৩৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং; এনসিডি কর্নারে ইনসুলিন ও ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং প্রতিটি জেলা হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্ট পদ সৃষ্টি।

এ ছাড়া ভুয়া বিজ্ঞাপন ও অপচিকিৎসার বিরুদ্ধে আইনি ব্যবস্থা; চিনিযুক্ত পানীয় ও জাঙ্ক ফুডের ওপর অতিরিক্ত কর আরোপ; গর্ভাবস্থায় ডায়াবেটিস স্ক্রিনিং বাধ্যতামূলক করা; টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ইনসুলিন সরবরাহ এবং জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি তৈরির প্রস্তাব দেওয়া হয়।

বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, এসব প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা গেলে দেশে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসাসেবার মান উন্নত হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন