ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

লামায় বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৭, ০৯-১১-২০২৬

লামায় বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

ছবি: মেডিকেল পোস্ট

বান্দরবানের লামায় বন্যাদুর্গত ও দুর্গম এলাকার মানুষের জন্য বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল। ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ জনের বেশি গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং নারী ও শিশুর সুরক্ষাসামগ্রীসহ বেবি কিট বিতরণ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ করে মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়ন করে গ্রিন হিল।

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা: বাপ্পি মারমা।

এতে উপস্থিত ছিলেন ইউএনএফপিএর ফিল্ড অফিসার মো. লুৎফুর রহমান খান। তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যের মোবাইল হেলথ ক্যাম্পের মাধ্যমে দুর্গম ও বন্যাদুর্গত এলাকার মানুষ সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও অংশ নেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এমেথিন মারমা, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা মো. আবুল হোসেন, গ্রিন হিলের স্বেচ্ছাসেবক এবং পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা এবং মা-শিশুর সুরক্ষায় এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন