ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘নো ইয়োর ডক্টর’ পদ্ধতিতে যাচাই হবে চিকিৎসকদের সনদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৬, ০৯-১১-২০২৬

‘নো ইয়োর ডক্টর’ পদ্ধতিতে যাচাই হবে চিকিৎসকদের সনদ

ছবি: মেডিকেল পোস্ট

ভুয়া চিকিৎসকের ছড়াছড়ি ও শিক্ষাগত সনদ নিয়ে অভিযোগের পর পশ্চিমবঙ্গে নিবন্ধিত ১ লাখ ১০ হাজার চিকিৎসকের সনদ নতুন করে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে (ডব্লিউবিএমসি) নিবন্ধিত চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতার নথি পরীক্ষা করা হবে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখার্জী জানিয়েছেন, চিকিৎসকদের নিবন্ধনের নথিতে বিপুলসংখ্যক ভুয়া চিকিৎসকের তথ্য পাওয়া গেছে। এ কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসকদের দেওয়া সনদ নতুন করে যাচাই করা হবে।

প্রায় তিন দশকের চিকিৎসক নিবন্ধনের তথ্য যাচাইয়ে নতুন পদ্ধতি চালু করবে রাজ্য সরকার। এ কাজের দায়িত্ব দেওয়া হবে তৃতীয় পক্ষের একটি সংস্থাকে। তবে যাচাইয়ের নামে চিকিৎসকদের যেন অযথা হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘কেওয়াইডি’ বা ‘নো ইয়োর ডক্টর’ নামে একটি পদ্ধতি চালু করা হবে। ব্যাংকে গ্রাহকের পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহৃত ‘কেওয়াইসি’ পদ্ধতির আদলে এটি তৈরি করা হচ্ছে। নতুন ব্যবস্থায় সরাসরি নথি পরীক্ষা করার পাশাপাশি ভিডিওর মাধ্যমেও যাচাই করা হবে। এ জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় সব নথিপত্র সংগ্রহ করা হবে।

বয়স্ক চিকিৎসক এবং দূরবর্তী এলাকায় বসবাসের কারণে যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাচাই করা হবে। পুরো প্রক্রিয়াটি তৃতীয় পক্ষের একটি সংস্থা তদারকি করবে। এ বিষয়ে শিগগিরই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, চিকিৎসকদের সনদ যাচাইয়ের সিদ্ধান্ত ঘোষণার পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য খাতে প্রশাসনিক নজরদারির ঘাটতির অভিযোগ তুলে সাবেক তৃণমূল সরকারকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূলের শাসনামলে রাজ্যে যা ঘটেছে, ভারতের অন্য কোনো রাজ্যে সম্ভবত এমন ঘটনা ঘটেনি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারকে ইঙ্গিত করে তিনি একে ‘ডায়মন্ড হারবার পার্টির ডায়মন্ড মডেল’ বলে কটাক্ষ করেন।

অন্যদিকে, চিকিৎসকদের সনদ যাচাইয়ের ঘোষণা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছে তৃণমূল। দলটির সাংসদ সৌগত রায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। চিকিৎসকদের ক্ষেত্রে বিশেষ নিবিড় যাচাই বা এসআইআর পদ্ধতি প্রয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এমপি/ আরআই

আরও পড়ুন