ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪১, ০৯-১১-২০২৬ | আপডেট: ৪:৫১, ০৯-১১-২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ

ছবি: মেডিকেল পোস্ট

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের ৫১টি মেডিকেল সেন্টার অনুমোদনের ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশনকে (বিপিএইচসিডিএ) সম্পৃক্ত না করায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে তিনটি দাবি তুলে ধরেছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) সংগঠনের সভাপতি ডা: মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টার অনুমোদনের সরকারি উদ্যোগকে নীতিগতভাবে স্বাগত জানায় বিপিএইচসিডিএ। তবে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠনটির সঙ্গে কোনো পরামর্শ, আলোচনা কিংবা সহযোগিতা নেওয়া হয়নি। বিষয়টি সংগঠনের জন্য উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুমোদন প্রদান, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বিপিএইচসিডিএকে সম্পৃক্ত করা হলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হতো।

এদিকে, বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো—৫১টি মেডিকেল সেন্টার অনুমোদনের ক্ষেত্রে অনুসৃত নীতিমালা, মানদণ্ড ও মূল্যায়ন প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশ করা; ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনকে নীতিনির্ধারণী আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা; যোগ্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, অভিজ্ঞতা ও অবকাঠামো বিবেচনায় নিয়ে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা।

বিপিএইচসিডিএ জানায়, তারা সরকারের কোনো জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধী নয় বরং সরকারের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দেশের বেসরকারি স্বাস্থ্য খাতের উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আগ্রহী। তবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠনকে আলোচনার বাইরে রেখে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ অংশগ্রহণমূলক নীতিনির্ধারণের ইতিবাচক দৃষ্টান্ত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিপিএইচসিডিএর সঙ্গে দ্রুত আনুষ্ঠানিক বৈঠকের ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে তাদের মতামত ও সহযোগিতাকে যথাযথ গুরুত্ব দিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন