শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০, ২৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো দীর্ঘদিন অব্যবহৃত ছিল। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় রাজধানীনির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক ও সহকারী পরিচালক পদে পাঁচটি করে, সিনিয়র কনসালটেন্ট পদে ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদে ২০০টি, আবাসিক চিকিৎসক পদে ১০টি, আবাসিক সার্জন পদে ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পদে ৫টি, মেডিকেল অফিসার পদে ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন পদে ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে ২০টি এবং অ্যানেসথেটিস্ট পদে ২০টি রয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে সম্প্রতি পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তাদের পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহীতে ডা: মো. বেলাল হোসেন, বরিশালে ডা: মো. মজিবর রহমান, রংপুরে ডা: মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা: মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা: শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবা সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা: এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে জানান, বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
হাসপাতালগুলোতে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, মাল্টি-প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
এমপি/ আরআই