ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাড়ে ৫ কোটি টাকার ক্রয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০২, ২৫-১১-২০২৬

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাড়ে ৫ কোটি টাকার ক্রয়ে অনিয়মের অভিযোগ

ছবি: মেডিকেল পোস্ট

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র আহ্বান, ঠিকাদার নির্বাচন, কার্যাদেশ প্রদান এবং কেনা সামগ্রী গ্রহণ ও সংরক্ষণের প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।

আবেদনে বলা হয়েছে, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ের দরপত্র ফ্রেমওয়ার্ক পদ্ধতিতে ঢাকা-ভিত্তিক তিনটি প্রতিষ্ঠান—তাহসান এন্টারপ্রাইজ, এএইচ এন্টারপ্রাইজ ও প্রেস্টিজিয়াস এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। তবে দরপত্র প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য।

আবেদনে আরও বলা হয়, ক্রয় করা সামগ্রীর প্রকৃত পরিমাণ, গুণগত মান, বাজারমূল্য, সরবরাহের সময়, গ্রহণসংক্রান্ত নথি এবং স্টোর রেজিস্টারের তথ্য যাচাই করা প্রয়োজন। হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: বিদ্যুৎ কুমার বিশ্বাসের দায়িত্বকালীন কার্যক্রম নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। তিনি ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে এ হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এ সময়ে সরকারি ক্রয়, দরপত্র ব্যবস্থাপনা ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

এ ছাড়া স্টোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা হাফিজ বিন ফয়সাল ওরফে পিয়াসের পদায়ন, দায়িত্বকাল এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী গ্রহণ, সংরক্ষণ ও বিতরণে ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা চলমান থাকা অবস্থায় হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়ার কয়েক দিনের মধ্যে পুনরায় একই পদে বহাল হওয়ার অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আবেদনে গত বছরের জুনে ২৪ লাখ টাকার মালামাল ক্রয়ের বিল উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট সামগ্রী হাসপাতালে সরবরাহ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানান, সদর হাসপাতালের দেখভালসহ অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রম হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজেই তদারকি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: বিদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবেই সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তিন বছর সরবরাহের দায়িত্বে থাকবে। তিনটি প্রতিষ্ঠানকে ফ্রেমওয়ার্ক পদ্ধতিতে টেন্ডার দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো সুযোগ নেই।

সংসদ সদস্য তার আবেদনে ক্রয় করা সামগ্রী বাস্তবে হাসপাতালে সরবরাহ করা হয়েছে কি না, স্টোরে জমা ও স্টক রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না এবং রোগীদের মধ্যে বিধি অনুযায়ী বিতরণ করা হয়েছে কি না, তা সরেজমিনে যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এমপি/ আরআই

আরও পড়ুন