শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:২০, ২৫-১১-২০২৬ | আপডেট: ৭:২২, ২৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গাজার জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা শাখার উপমহাপরিচালক চিকিৎসক নিদাল ঘুনাইম জানান, অক্টোবরে মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২ জনে দাঁড়িয়েছে। সাধারণত প্রতি মাসে ৩০ থেকে ৫০ জন এ রোগে আক্রান্ত হতেন। সে হিসাবে বর্তমানে আক্রান্তের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় আট গুণের বেশি।
তিনি জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মেনিনজাইটিসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই তিন মাসেই মারা গেছেন পাঁচজন।
পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফকে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা চালুর আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, পানীয় জলের সঙ্গে পয়োনিষ্কাশনের পানি মিশে যাওয়া এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব পরিস্থিতির ফলেই মেনিনজাইটিসের প্রকোপ বাড়ছে।
রোগটির বিস্তারের জন্য ইসরায়েলি দখলদার বাহিনীকে সরাসরি দায়ী করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক উপকরণ এবং জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও জরুরি সহায়তা নিশ্চিত করা না গেলে গাজায় রোগটির বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রে বসবাসকারী শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে।
মেনিনজাইটিস মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষাকারী পর্দার প্রদাহজনিত রোগ। দ্রুত চিকিৎসা না পেলে, বিশেষ করে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে, এ রোগ প্রাণঘাতী হতে পারে।
এমপি/ আরআই