ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ড্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৯, ২৪-১১-২০২৬

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ড্যাবের নিন্দা

ছবি: মেডিকেল পোস্ট

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা: একরামুল খালেকুজ্জামান দীপু এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা: অসীম কুমার ধরের সঙ্গে এক ব্যক্তি ও এক সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই সাংবাদিক চিকিৎসককে প্রহার করেন এবং চেয়ার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় দুর্বৃত্তরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী ক্ষতিগ্রস্ত করে।

ড্যাব নেতারা বলেন, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয় বরং পুরো চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংসতা সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়।

তারা আরও বলেন, চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হয়। কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে তা নিষ্পত্তির জন্য আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ড্যাব প্রণীত ‘স্বাস্থ্য সুরক্ষা’ আইন বাস্তবায়নেরও দাবি জানায় সংগঠনটি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন