ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

মশার শরীরেই ডেঙ্গু ঠেকানোর কৌশল, ব্রাজিলে সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩৪, ২৫-১১-২০২৬

মশার শরীরেই ডেঙ্গু ঠেকানোর কৌশল, ব্রাজিলে সাফল্য

ছবি: মেডিকেল পোস্ট

মশা নিধন নয় বরং মশার শরীরে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ কমানোর কৌশলে বড় সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। দেশটির হাজার হাজার শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির বেলো হরিজন্তে শহরে এ গবেষণা পরিচালনা করে।

গবেষণায় এডিস ইজিপ্টি মশার শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া ‘ওলবাকিয়া’ নামের একটি ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়। পরে এসব মশার লাখ লাখ সদস্য বিভিন্ন এলাকায় অবমুক্ত করা হয়।

ওলবাকিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মশার শরীরে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে এই ব্যাকটেরিয়াযুক্ত মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমে যায়।

গবেষণার অংশ হিসেবে প্রায় ৫ হাজার ৭০০ শিশুর রক্ত পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা এলাকায় মাত্র ৪ শতাংশ শিশুর শরীরে ডেঙ্গু সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে, কীটনাশক ব্যবহার করা এলাকায় এ হার ছিল ১৪ শতাংশ। গবেষকদের হিসাবে, প্রচলিত পদ্ধতির তুলনায় ওলবাকিয়া ব্যবহারে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে।

বোস্টন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার বার্তা সংস্থা এপিকে বলেন, গবেষণার ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তাঁর মতে, ওলবাকিয়াযুক্ত মশা ব্যবহারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব।

বিশ্বে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় এক-দশমাংশ ব্রাজিলে শনাক্ত হয়। গবেষণার সময় বেলো হরিজন্তে শহরেও ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব চলছিল। এমন পরিস্থিতিতেও পদ্ধতিটির কার্যকারিতা গবেষকদের আশাবাদী করেছে।

ওলবাকিয়া পদ্ধতি নিয়ে এর আগেও বিভিন্ন দেশে গবেষণা হয়েছে। ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রামের (ডব্লিউএমপি) আওতায় কলম্বিয়া ও ব্রাজিলের নিতেরোই শহরে এ প্রযুক্তি প্রয়োগ করে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমানোর সাফল্য পাওয়া গেছে।

গবেষকদের মতে, প্রচলিত কীটনাশক ছিটানোর তুলনায় ওলবাকিয়া পদ্ধতি পরিবেশের জন্য বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে। কারণ, এতে মশা মেরে ফেলার পরিবর্তে ভাইরাস ছড়ানোর সক্ষমতা কমিয়ে দেওয়া হয়।

সিঙ্গাপুরেও ২০১৬ সাল থেকে ওলবাকিয়াযুক্ত পুরুষ মশা অবমুক্ত করে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ পদ্ধতিতে ওলবাকিয়াযুক্ত পুরুষ মশার সঙ্গে স্ত্রী মশার প্রজননের ফলে উৎপন্ন ডিম থেকে সাধারণত নতুন মশার বংশবিস্তার হয় না।

ডেঙ্গু ছাড়াও মশাকে ব্যবহার করে অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধের কৌশল উদ্ভাবনে কাজ করছেন বিজ্ঞানীরা। ২০২৪ সালে নেদারল্যান্ডসের গবেষকেরা ম্যালেরিয়ার টিকা সরবরাহের সম্ভাব্য মাধ্যম হিসেবে মশাকে ব্যবহার করে প্রাথমিক পরীক্ষায় সাফল্য পান। এ ছাড়া ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা কালাজ্বর বা লিশম্যানিয়াসিসের টিকা বহনে মশার শরীরে পরিবর্তন এনে ইঁদুরের ওপর সফল পরীক্ষা চালান।

বিশেষজ্ঞদের মতে, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু মশা নিধনের ওপর নির্ভর না করে জীববৈজ্ঞানিক পদ্ধতি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিভিন্ন পরিবেশে এ প্রযুক্তির দীর্ঘমেয়াদি কার্যকারিতা, নিরাপত্তা ও প্রয়োগের উপযোগিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

এমপি/ আরআই

আরও পড়ুন