ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

১ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৩, ২৪-১১-২০২৬

১ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

ছবি: মেডিকেল পোস্ট

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি চশমা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। ছানি আক্রান্তদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করবে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দীঘিনালা মিনি স্টেডিয়ামে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় এক হাজার মানুষ সেবা নিতে আসেন।

ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ও সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা রোগীদের চোখ পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। যাদের চশমা প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা অমর জ্যোতি চাকমা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম এলাকায় সাধারণ মানুষের কাছে এ ধরনের চিকিৎসাসেবা নিয়মিত পৌঁছে দেওয়ার প্রত্যাশা জানান তিনি।

দীঘিনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নিয়ে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন