শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৮, ২৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
এদিকে এফডিএ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক ও অন্তত ৪৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে। তবে অস্ত্রোপচারের ক্ষতের দৈর্ঘ্য ২০ সেন্টিমিটারের বেশি হতে হবে। অস্ত্রোপচারের পর ক্ষত সেলাই করে বন্ধ করার আগে সরাসরি ক্ষতস্থানে এটি প্রয়োগ করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরও কোলোরেক্টাল অস্ত্রোপচারের পর ক্ষতস্থানে সংক্রমণ একটি সাধারণ জটিলতা। এতে হাসপাতালে থাকার সময় বাড়তে পারে, ক্ষত আবার খুলে যেতে পারে কিংবা দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ব্যাকফেনসিতে রয়েছে ডক্সিসাইক্লিন নামের অ্যান্টিবায়োটিক। এটি ক্ষতস্থানে ধীরে ধীরে ওষুধ নিঃসরণ করে প্রায় ৩০ দিন পর্যন্ত সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। প্রচলিত সংক্রমণ প্রতিরোধব্যবস্থা ও অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এটি ব্যবহার করতে হবে। এ ধরনের ব্যবহারের জন্য সরাসরি ক্ষতস্থানে প্রয়োগযোগ্য প্রথম এফডিএ-অনুমোদিত চিকিৎসাপদ্ধতি এটি।
এদিকে ৭৯৮ জন রোগীর ওপর পরিচালিত শেষ পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ব্যাকফেনসি ব্যবহারে ৩০ দিনের মধ্যে চিকিৎসা ব্যর্থতার হার ১৮ শতাংশ থেকে কমে ১১ শতাংশে নেমেছে। চিকিৎসা ব্যর্থতার মধ্যে ছিল অস্ত্রোপচারের ক্ষতস্থানে সংক্রমণ, যেকোনো কারণে মৃত্যু অথবা একই স্থানে পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন হওয়া। এফডিএর তথ্য অনুযায়ী, ওষুধটি ব্যবহার করা রোগীদের ৪ শতাংশের ক্ষতস্থানে সংক্রমণ হয়েছে। প্রচলিত চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে এ হার ছিল ১০ শতাংশ।
তবে ২০ সেন্টিমিটার বা এর চেয়ে ছোট অস্ত্রোপচারের ক্ষতের ক্ষেত্রে ওষুধটির কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি বলে জানিয়েছে এফডিএ। এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষতস্থানে প্রতিক্রিয়া, ব্যথা, রক্তস্বল্পতা এবং ক্ষত পুনরায় খুলে যাওয়া। তবে অধিকাংশ পার্শ্বপ্রতিক্রিয়া ছিল মৃদু ও গুরুতর নয়।
যুক্তরাষ্ট্র ও কানাডায় ওষুধটির বিপণনস্বত্ব রয়েছে আজুরিটি ফার্মাসিউটিক্যালসের কাছে। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধটি ছাড়ার পরিকল্পনা করেছে। অন্যদিকে, ওষুধটি উৎপাদন ও সরবরাহ করবে পলিপিড।
পলিপিডের প্রধান পরিচালন কর্মকর্তা ওরি ওয়ারশাভস্কি রয়টার্সকে জানান, বাজারে আসার ছয় থেকে নয় মাসের মধ্যে ওষুধটি থেকে উল্লেখযোগ্য বিক্রির আশা করছে প্রতিষ্ঠানটি। হাসপাতালগুলো ওষুধটি পর্যালোচনা করে অনুমোদিত ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেবে।
অপেনহাইমারের বিশ্লেষক লেস সুলেভস্কির ধারণা, ২০৩৪ সালের মধ্যে ওষুধটি ব্যবহারযোগ্য অস্ত্রোপচারের ৩৭ শতাংশ ক্ষেত্রে জায়গা করে নিতে পারে। এ ছাড়া প্রতিটি সরবরাহ করা ভায়ালের জন্য ৭৫ ডলার এবং বিক্রির ওপর ১৫ থেকে ২৫ শতাংশ হারে রয়্যালটি পেতে পারে পলিপিড।
এমপি/ আরআই