ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

গোপালগঞ্জে হাসপাতালে হামলার নিন্দা জানাল বিপিএইচসিডিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৬, ২৪-১১-২০২৬ | আপডেট: ১১:০১, ২৪-১১-২০২৬

গোপালগঞ্জে হাসপাতালে হামলার নিন্দা জানাল বিপিএইচসিডিএ

ছবি: মেডিকেল পোস্ট

গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফাহ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালটিতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় সংগঠনটির সভাপতি ডা: মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের হামলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা এবং নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা গণপিটুনির মাধ্যমে বিচার করার সংস্কৃতি চলতে দেওয়া যায় না।

তারা হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে রোগীদের ন্যায়বিচারের অধিকার রক্ষা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন সংগঠনটির নেতারা।

এমপি/ আরআই

আরও পড়ুন