শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩, ২৩-০৮-২০২৬ | আপডেট: ১২:২৫, ২৩-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী প্রাণী চিকিৎসক ডা: মো. আশিকুর রহমান ও ডা: আব্দুল হান্নান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নগরীর জিলা স্কুল সংলগ্ন ‘ময়মনসিংহ ডক্টরস পেট কেয়ার’ চেম্বারে কয়েকজন তরুণ-তরুণী অতর্কিত হামলা চালান। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে এক তরুণীকে চেম্বারে ঢুকে চিকিৎসক ডা: মো. আশিকুর রহমানকে জুতা দিয়ে মারধর করতে দেখা যায়। পরে আরও কয়েকজন এসে তাকে ও তার স্ত্রী তাসনিন সিদ্দিকীকে কিল-ঘুষি মারেন।
ডা: আশিকুরের অভিযোগ, প্রায় দুই বছর আগে সেজুতি নামের ওই তরুণী একটি বিড়ালসহ বেশ কিছু জিনিসপত্র বাকিতে নেন। পরে পাওনা টাকা চাইলে তাকে হুমকি দেওয়া হয়। ফেসবুকে একটি ফেক আইডির মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে তার চেম্বারে হামলা চালানো হয়। এতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীকও অংশ নেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় চেম্বারে ভাঙচুর চালিয়ে লক্ষাধিক টাকা লুট করে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট নগরীর কেওয়াটখালি এলাকার আরেকটি ভেটেরিনারি চেম্বারেও হামলার ঘটনা ঘটে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে কয়েকজন তরুণ-তরুণীকে চেম্বারে ঢুকে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় চিকিৎসক ডা: আব্দুল হান্নানের সহকারী মইনুল ইসলামকে মারধর করা হয়।
ডা: আব্দুল হান্নান জানান, গত ১৭ আগস্ট সকালে নেত্রকোনা থেকে একটি অসুস্থ বিড়াল চিকিৎসার জন্য কেওয়াটখালি পেট কেয়ারে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিড়ালটির মৃত্যু হলে বিষয়টি মালিক জান্নাতুন নুর ঝলককে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ২০ আগস্ট ঝলক, অভি, রিফাত, সেজুতিসহ ৬-৭ জন তরুণ-তরুণী চেম্বারে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার সহকারীকে মারধর, জিনিসপত্র ভাঙচুর এবং প্রায় চার লাখ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, চিকিৎসকের চেম্বারে গিয়ে এ ধরনের হামলা ও মারধরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লিখিত অভিযোগগুলোর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমপি/ আরআই