ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

চিকিৎসকদের আচরণে সহমর্মিতা থাকা জরুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৭, ২৫-০৮-২০২৬

চিকিৎসকদের আচরণে সহমর্মিতা থাকা জরুরি

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসাসেবা শুধু পেশা নয়, মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি মহান দায়িত্ব। তাই রোগীর প্রতি সহমর্মিতা, সততা ও মানবিক আচরণ চিকিৎসকদের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের দায়িত্বশীলরা।

গতকাল (২৪ আগস্ট) দুপুরে এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘সিরাতুন্নবীর (সা.) গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আমাদের জন্য তার আদর্শ’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন সত্যবাদিতা, আমানতদারি, দয়া, ক্ষমা, ন্যায়বিচার ও মানুষের সেবার অনন্য দৃষ্টান্ত। তার জীবন ও আদর্শ অনুসরণ করে মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা বলেন, একজন চিকিৎসক প্রতিদিন অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের সঙ্গে কাজ করেন। তাই চিকিৎসকদের আচরণে মানবিকতা ও সহমর্মিতা থাকা অত্যন্ত জরুরি। রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার সঙ্গে সমান আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া এবং পেশাগত দায়িত্বে সততা বজায় রাখার মাধ্যমে মহানবীর (সা.) শিক্ষা অনুসরণ করা সম্ভব।

আলোচনা সভায় প্রধান আলোচক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহানবী (সা.) শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। তার জীবন থেকে সততা, দায়িত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা ও সেবার শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন। চিকিৎসকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের নৈতিক অবস্থান আরও দৃঢ় হলে মানুষের প্রতি দায়িত্বশীলতা ও সেবার মানও বাড়বে।
 
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা: মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এতে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন