ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন ও তথ্য হালনাগাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৩, ১২-১০-২০২৬

হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন ও তথ্য হালনাগাদের নির্দেশ

ছবি: মেডিকেল পোস্ট

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন, প্রোফাইলের তথ্য হালনাগাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। পরিচয় ও তথ্য যাচাই শেষে প্রোফাইলে ‘ভেরিফায়েড’ অবস্থা দেখালে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।

গতকাল (১১ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলথ কার্ড পেতে প্রথমে হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ড নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ করলে যেকোনো কর্মদিবসে নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।

নতুন রোগীদের নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এ জন্য হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd-এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।

সরকারি কর্মচারী, তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধনের পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্র নিয়ে হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করে নিবন্ধন অনুমোদন করাতে হবে। এ বিষয়ে সহায়তার জন্য হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পরপর দুবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর চিকিৎসকের পরামর্শ নিতে অনুপস্থিত থাকলে এবং বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট বাতিল না করলে সংশ্লিষ্ট ব্যক্তির ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ওই আইডি দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না।

এ ছাড়া পরীক্ষার প্রতিবেদন দেখানোর জন্য প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন