ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গু-হাম মোকাবিলায় মেডিসিন ক্লাবকে সক্রিয় হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৮, ১৬-১০-২০২৬

ডেঙ্গু-হাম মোকাবিলায় মেডিসিন ক্লাবকে সক্রিয় হওয়ার আহ্বান

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সরকারি স্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণে মেডিসিন ক্লাবের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মো. রফিকুল ইসলাম।

গতকাল (১৫ অক্টোবর) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে আয়োজিত ২৭তম মেডিসিন ক্লাব কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ডা: মো. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসাশিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার মানসিকতাকে কাজে লাগিয়ে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং রোগের বিপৎসংকেত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সদস্যরা ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের টিকাদান নিশ্চিত করা, টিকা নিয়ে ভুল ধারণা দূর করা এবং অভিভাবকদের সচেতন করা জরুরি। এ ক্ষেত্রে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারেন চিকিৎসাশিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: ফোয়ারা তাসমিম।

প্রধান অতিথির বক্তব্যে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন চিকিৎসাশিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ডা: ফোয়ারা তাসমিম বলেন, ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগ মোকাবিলায় জনসচেতনতা, সময়মতো স্বাস্থ্যসেবা গ্রহণ এবং টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে সঠিক স্বাস্থ্যতথ্য প্রচার ও কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমে চিকিৎসাশিক্ষার্থীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

অধ্যাপক ডা: মো. রফিকুল ইসলাম আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, তামাক নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় মেডিসিন ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে। সংগঠনটির সেমিনার, গবেষণা ও সামাজিক সেবামূলক উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্ব, পেশাগত নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ বিকাশেও সহায়তা করতে পারে।

এমপি/ আরআই

আরও পড়ুন