শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৩৩, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নথি অনুযায়ী, দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং এফডিএ ‘নির্দিষ্ট পেপটাইড ব্যবহার করে ওষুধ মিশ্রণের অন্তর্বর্তীকালীন প্রবেশাধিকার নীতিমালা’ শীর্ষক প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবিত নীতিমালার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিমালা কার্যকর হলে ফার্মেসিগুলো জনপ্রিয় কিছু পেপটাইড তৈরি করতে পারবে। এর মধ্যে রয়েছে বিপিসি-১৫৭, যা ‘উলভারিন’ নামেও পরিচিত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডের ছোট শৃঙ্খল দিয়ে তৈরি পদার্থ। ব্যথা উপশম, পেশির পুনরুদ্ধার ও সৌন্দর্যচর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে এসব পদার্থের ব্যবহার নিয়ে প্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রভাবকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রও পেপটাইড নিয়ে প্রচার করেছেন।
তবে আলোচনায় থাকা পেপটাইডগুলোর কোনোটিই নিরাপদ বা কার্যকর হিসেবে এফডিএর অনুমোদন পায়নি। ফলে এসব পদার্থের ব্যবহার নিয়ে নিরাপত্তার প্রশ্ন রয়েছে।
এর আগে গত জুলাইয়ে এফডিএর উপদেষ্টারা পর্যালোচনাধীন সাতটি পেপটাইডের মধ্যে ছয়টির ওপর বিধিনিষেধ শিথিল করার সুপারিশ করেছিলেন। এসব পেপটাইডের মধ্যে বিপিসি-১৫৭-ও রয়েছে।
এদিকে টেলিহেলথ প্রতিষ্ঠান হিমস অ্যান্ড হার্স হেলথ জানিয়েছিল, বিধিবিধান অনুমতি দিলে তারা পেপটাইড সরবরাহের পরিকল্পনা করছে। তবে নতুন নীতিমালা নিয়ে প্রতিষ্ঠানটি এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এমপি/ আরআই