ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১১, ২২-১০-২০২৬

উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে ভূমিমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতাল থেকে মন্ত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বিমানবন্দরে সাংবাদিকদের শফিকুল হক মিলন জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসকের দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। এ কারণে তাকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক অসুস্থতা সত্ত্বেও উপস্থিত ছিলেন মন্ত্রী। এতে তার ওপর অতিরিক্ত শারীরিক চাপ পড়ে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে। রক্তশূন্যতার কারণে তাকে রক্তও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার পরবর্তী চিকিৎসা চলবে।

এমপি/ আরআই

আরও পড়ুন