শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩, ২১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২০ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়ার বেসরকারি ম্যাক্স হাসপাতালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসকের নাম তাসলিমা ফেরদৌসী রিমা।
আহত লামিয়া জানান, প্রায় চার বছর ধরে তিনি চিকিৎসক রিমার সহকারী হিসেবে কাজ করছেন। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসক তাকে দ্রুত বাসায় তিনটি মোগলাই পাঠাতে বলেন। তিনি মোগলাই কিনে চিকিৎসকের গাড়িচালকের মাধ্যমে পাঠান। তবে চালক দেরিতে পৌঁছানোয় চিকিৎসক ক্ষিপ্ত হন। এ সময় লামিয়া নিজের কোনো দোষ নেই বলে জানালে চিকিৎসক তার দিকে কাচের ওয়েট পেপার, ফোন ও হার্ডবোর্ড ছুড়ে মারেন। পরে জুতা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
লামিয়ার স্বামী আলাউদ্দিন জানান, তার স্ত্রীর মাথায় আঘাত লাগায় কয়েকবার বমি হয়েছে। ওয়েট পেপার ছুড়ে মারায় বুকে আঘাত লেগেছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার বিচার দাবি করেন আলাউদ্দিন।
অভিযোগের বিষয়ে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘স্টাফকে শাসন করা হয়েছে, মারধর করা হয়নি।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তেন মং বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমপি/ আরআই