ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৩, ২১-১০-২০২৬

রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

শারীরিক অসুস্থতার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শেখ মো. শামীম এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিমন্ত্রীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এদিকে, ভূমিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে রক্তের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে তিন ব্যাগ রক্ত সঞ্চালন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডা: ওয়াসিম হোসেনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল হাসপাতালে যায়। এ সময় তারা ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এদিকে, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এমপি/ আরআই

আরও পড়ুন