ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্য কর্মকর্তার পোস্টে বিতর্ক

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৪, ২১-১০-২০২৬

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’

ছবি: মেডিকেল পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান। তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ডা: মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। পরে তার ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এমন পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিয়ে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত।

স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মী বলেন, এ মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডা: মিজানুর রহমানের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। তারা এ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মো. আ. সালাম বলেন, ‘একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

এমপি/ আরআই

আরও পড়ুন