ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইন্টার্ন চিকিৎসকদের ৩ দাবি মেনে নিল রামেক প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩১, ২২-১০-২০২৬

ইন্টার্ন চিকিৎসকদের ৩ দাবি মেনে নিল রামেক প্রশাসন

ছবি: মেডিকেল পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে তিনটি মেনে নিয়েছে হাসপাতাল প্রশাসন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালের মুখপাত্র ডা: শেখ মো. শামীম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতাল প্রশাসনের আওতাধীন তিনটি দাবির বিষয়ে গতকাল পরিচালক তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিয়েছেন। বাকি দুটি দাবির বিষয়ে সচিবের সঙ্গে কথা বলা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা জোরদারে আরও ১০০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

ডা: শেখ মো. শামীম আশা প্রকাশ করে বলেন, শনিবারের মধ্যে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হবে। এরপরও কেউ দায়িত্ব পালন না করলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা: এস এম তপু বলেন, বাধ্য হয়েই তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। দাবিগুলো পূরণ করা হলেই তারা দায়িত্বে ফিরবেন।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।

তাদের দাবি, একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি রোগীর স্বজনদের হুমকির মুখে নিরাপত্তার স্বার্থে এক নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে হয়েছে। এ ছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।

ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের অসন্তোষ ও নিরাপত্তাহীনতা থেকেই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এমপি/ আরআই

আরও পড়ুন