ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

বয়ঃসন্ধি বিলম্বিত করার ওষুধে নিষেধাজ্ঞা বাতিল করল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১২, ২২-১০-২০২৬

বয়ঃসন্ধি বিলম্বিত করার ওষুধে নিষেধাজ্ঞা বাতিল করল আদালত

ছবি: মেডিকেল পোস্ট

বয়ঃসন্ধি বিলম্বিত করার ওষুধের নতুন ব্যবস্থাপত্র দেওয়ার ওপর নিষেধাজ্ঞা বাতিল করেছেন নিউজিল্যান্ডের হাইকোর্ট। আদালত বলেছেন, এ নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং এটি অযৌক্তিক বৈষম্যের শামিল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি ডেল লা হুড ২০২৫ সালের শেষ দিকে জারি করা বিধিনিষেধ বাতিল করেন। ওই বিধিনিষেধের আওতায় ১৮ বছরের কম বয়সী নতুন রোগীদের জেন্ডার ডিসফোরিয়া বা জেন্ডার ইনকনগ্রুয়েন্সের চিকিৎসায় গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন অ্যানালগস (জিএনআরএইচ অ্যানালগস) দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।

বিচারপতি রায়ের সারসংক্ষেপে বলেন, ওষুধ আইন অনুযায়ী পরামর্শ গ্রহণের বাধ্যবাধকতা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছিল, তাদের স্পষ্টভাবে জানানো হয়নি যে নতুন ব্যবস্থাপত্র দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিচারক আরও বলেন, লিঙ্গপরিচয়ে বৈচিত্র্য থাকা তরুণদের সঙ্গে সরাসরি পরামর্শ না করার পক্ষে যথেষ্ট জরুরি পরিস্থিতি ছিল না।

ট্রান্সজেন্ডার স্বাস্থ্যবিষয়ক পেশাজীবীদের সংগঠন প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফর ট্রান্সজেন্ডার হেলথ আওতারোয়া (পাথা) স্বাস্থ্যমন্ত্রী সিমিওন ব্রাউনের বিরুদ্ধে বিচারিক পর্যালোচনার আবেদন করার পর এ রায় এলো।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বয়ঃসন্ধি বিলম্বিত করার ওষুধের দীর্ঘমেয়াদি সুফল ও ঝুঁকি নিয়ে অনিশ্চয়তা থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিদেশের বিভিন্ন স্থানে এ ধরনের ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছিল। যুক্তরাজ্যে কিশোরদের জেন্ডারভিত্তিক চিকিৎসা নিয়ে বহুল আলোচিত ক্যাস রিভিউয়ের পর এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।

এদিকে, আদালতে চ্যালেঞ্জের শুনানি চলাকালে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে বিধিনিষেধ কার্যকর করা বন্ধ রাখা হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন অ্যানালগস ব্যবস্থাপত্র দেওয়ার ক্ষেত্রে নতুন সুরক্ষাব্যবস্থা চালু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীরা যেন উপযুক্ত সেবা পেতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সরকার পরামর্শ নিচ্ছে।

এমপি/ আরআই

আরও পড়ুন