ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

রমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, ৬ ঘণ্টা পর স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫০, ২২-১০-২০২৬

রমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, ৬ ঘণ্টা পর স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ

ছবি: মেডিকেল পোস্ট

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালের প্রশাসনিক শাখা-সংলগ্ন একটি সুইচ বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সাময়িকভাবে চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তিতে পড়েন ভর্তি রোগী ও তাদের স্বজনেরা। পরে দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর দুপুরে ত্রুটি মেরামত শেষে হাসপাতালের ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন দেখতে পেয়ে কর্তব্যরত এক নার্স ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার পর ডায়ালাইসিস, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: কানিজ সাবিহা বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এমপি/ আরআই

আরও পড়ুন