ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৪, ২২-১০-২০২৬

রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ছবি: মেডিকেল পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ও বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন তারা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকেই কাজে ফিরবেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে হাসপাতালের সম্মেলনকক্ষে পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ ৭০ থেকে ৮০ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।

বৈঠকে হাসপাতালের পরিচালক জানান, ওষুধ সরবরাহ বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে মনিটরিং টিম গঠন করা হবে। এ ছাড়া ক্যাজুয়ালটি ব্লকের অবজারভেশন ওয়ার্ড আগামী ১ নভেম্বর থেকে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালের নিরাপত্তা জোরদারে পুলিশ ও আনসারের যৌথ টহল বাড়ানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ২০০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। আরও ১০০ জন আনসার সদস্য মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা; ওয়ার্ডে মনিটরিং ব্যবস্থা চালু; চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি; ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে পুনরায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ও সহযোগী অধ্যাপক ডা: শেখ শামীম আহমেদ জানান, দীর্ঘ বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হয়েছেন। জনবলস্বল্পতার কারণে তারা শুক্রবার থেকে পূর্ণাঙ্গভাবে কাজে ফিরবেন বলে আশ্বস্ত করেছেন।

এমপি/ আরআই

আরও পড়ুন