ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সোহরাওয়ার্দী হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩২, ২২-১০-২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে মো. আলম শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

গতকাল (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলম শেখের গ্রামের বাড়ি নাটোর জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে ‘শিশু চোর’ সন্দেহ করে হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি কোনো উত্তর দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মূল হোতাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন