ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শামোন্ডা ভাইরাসে প্রথম মানব সংক্রমণ, রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪০, ২২-১০-২০২৬

শামোন্ডা ভাইরাসে প্রথম মানব সংক্রমণ, রোগীর মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

ফ্রান্সে গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়া শামোন্ডা ভাইরাসে প্রথমবারের মতো একজন মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির সম্প্রতি মৃত্যু হয়েছে। তবে আপাতত সাধারণ মানুষের জন্য কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফরাসি সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সরকারের ধারণা, পূর্ব ফ্রান্সে বসবাসকারী ওই ব্যক্তি ভাইরাসবাহী এক ধরনের ক্ষুদ্র দংশনকারী মাছির কামড়ে সংক্রমিত হয়ে থাকতে পারেন। চলতি বছরের বসন্ত ও গ্রীষ্মে ওই অঞ্চলের প্রাণীদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়েছিল।

ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ইসিডিসি) জানিয়েছে, ওই ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা যান। তিনি আগে থেকেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন, যা তাকে সাধারণ মানুষের তুলনায় সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীল করে তুলেছিল। ভাইরাসটি তার মৃত্যুর কারণ ছিল কি না, অথবা মৃত্যুতে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন, সে বিষয়েও তদন্ত চলছে।

ইসিডিসি আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য জনস্বাস্থ্যগত প্রভাব অনুসন্ধানে ফরাসি কর্তৃপক্ষ ও ইউরোপের অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এমপি/ আরআই

আরও পড়ুন