ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাজিনাজ হাসপাতালে স্বাস্থ্যসেবা পাবেন রেডিসনের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৩, ০১-১১-২০২৬

সাজিনাজ হাসপাতালে স্বাস্থ্যসেবা পাবেন রেডিসনের কর্মীরা

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কর্মীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সাজিনাজ হাসপাতাল লিমিটেড ও রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় রেডিসনের কর্মকর্তা-কর্মচারীরা সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন চিকিৎসাসেবা নিতে পারবেন।

রোববার (১ নভেম্বর) হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী বলেন, মানুষের মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। রেডিসন ব্লু তার কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং টিম এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে সাজিনাজ হাসপাতাল মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক ও বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে হাসপাতালের সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে।

অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, পরিচালক (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপক (এইচআর) মো. সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আরেফিন ও আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি উপস্থিত ছিলেন।

এ ছাড়া রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের পক্ষে ডা. মেজর (অব.) আমিনুল হক, মেজর (অব.) গৌতম রায়, মো. রায়হান চৌধুরী ও জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এমপি/ আরআই

আরও পড়ুন