ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ৩০ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪১, ০১-১১-২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ৩০ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম

ছবি: মেডিকেল পোস্ট

ঝালকাঠিতে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ৩০টি কমিউনিটি ক্লিনিকের ভবন। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট ও পানি সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের অভাবেও ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই প্রতিদিন সেবা দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

জেলার ৯৭টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগের অবস্থাই বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। কোথাও মেঝে দেবে গেছে, ভাঙা দরজা-জানালার কারণে বেড়েছে দুর্ভোগ। বৃষ্টি ও জোয়ারের পানিতে ক্লিনিকের মেঝে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ইতোমধ্যে ৩০টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এসব ভবনে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

মাজু নামে এক রোগী জানান, চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঠিকমতো সেবা পাওয়া যাচ্ছে না। এতে আমাদের মতো সাধারণ রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে।

আরেক রোগি রিমি জানান, ক্লিনিকের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে। এমন পরিবেশে চিকিৎসা নিতে এসে সব সময় আতঙ্কে থাকতে হয়।

ঝালকাঠির সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন। ভবন পুনর্নির্মাণ করা হলে সেবার মান উন্নত করা সম্ভব হবে।

জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ মন্ডল জানান, বেহাল ৩০টি ক্লিনিক ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন।

এমপি/ আরআই

আরও পড়ুন