ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, জমিদারি ভোজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯, ০৩-১১-২০২৬

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, জমিদারি ভোজকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর লালবাগে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, লেবেলবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ও স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় ‘জমিদারি ভোজ’ নামের একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গতকাল (২ নভেম্বর) নবাবগঞ্জ রোডে অবস্থিত রেস্টুরেন্টটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত জানান, অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পাওয়া যায়। এ ছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই বোরহানি, ফিরনি, মাংস ও বিভিন্ন মসলা সংরক্ষণ করা হচ্ছিল।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক ফায়ার লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ এবং পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি। এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন