ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৪, ০৩-১১-২০২৬

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছবি: মেডিকেল পোস্ট

চাঁদপুরের লালপুরসংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা থেকে চিকিৎসা শেষে বরিশালের উদ্দেশে যাত্রীবাহী ‘এমভি এম খান-৭’ লঞ্চে রওনা হন ওই যাত্রী। রাত ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুরসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় লঞ্চটির সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কোস্ট গার্ডের বোটে করে চাঁদপুর লঞ্চঘাটে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন