ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৯, ০৩-১১-২০২৬

ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে

ছবি: মেডিকেল পোস্ট

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘যা হয়েছে, সব ফ্যাসিস্টের আমলে হয়েছে।’

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে। অনিয়ম পাওয়া সাপেক্ষে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন, সিভিল সার্জনের নেতৃত্ব পরিদর্শন শেষে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একসঙ্গে এগুলো বন্ধ করা যাবে না। পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে তিনি সেখানে যান।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে সরকারি নিয়ম মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর বার্তা দেন মন্ত্রী। পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এতে জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন