ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

৩০ বছরের বেশি সময় পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৬, ০৩-১১-২০২৬

৩০ বছরের বেশি সময় পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরের বেশি সময় পর হামের সঙ্গে সংশ্লিষ্ট শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে লুইস কাউন্টিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (২ নভেম্বর) নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। গত মাসে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা ও প্রতিবেশী রাজ্যগুলোতে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গভর্নর ক্যাথি হোচুল জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেন।

নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, লুইস কাউন্টিতে জনসচেতনতা বাড়ানো ও স্থানীয় পর্যায়ে টিকাদান কার্যক্রমে সহায়তার জন্য প্রয়োজনীয় সম্পদ দেওয়া হয়েছে। চলমান প্রাদুর্ভাব মোকাবিলায়ও কাউন্টিগুলোকে সহায়তা করা হচ্ছে।

গত ২৪ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে চলতি বছরে ১৭৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নিউইয়র্ক সিটির বাইরে ১৭০ জন এবং শহরটিতে আটজন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, নিউইয়র্কের অনুরোধে রোগতত্ত্ববিদসহ বিশেষজ্ঞদের একটি দল অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। সংক্রমণ পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ ও প্রাদুর্ভাব মোকাবিলার পরিকল্পনায় তারা সহায়তা দিচ্ছেন।

রয়টার্স জানায়, কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এবার হামের সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে। চলতি বছর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) হামের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে কোন কোন অঙ্গরাজ্যে এসব মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি।

এ বছর হামের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে উঠেছে পেনসিলভানিয়া। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৪৩৩ জন আক্রান্ত এবং হামের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এমপি/ আরআই

আরও পড়ুন