ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

১২০ দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধ পৌঁছানোর সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:২১, ০৩-১১-২০২৬

১২০ দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধ পৌঁছানোর সম্ভাবনা

ছবি: মেডিকেল পোস্ট

এইচআইভি প্রতিরোধী ওষুধ লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণ ১২০টি দেশে সরবরাহের পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ওষুধটির জেনেরিক সংস্করণ তৈরির অনুমোদন দিয়েছে। এতে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে তুলনামূলক কম দামে ওষুধটি সরবরাহের সুযোগ তৈরি হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড. রেড্ডিস ল্যাবরেটরিজ প্রথম ছয়টি লাইসেন্সপ্রাপ্ত জেনেরিক প্রস্তুতকারকের মধ্যে এফডিএর প্রাথমিক অনুমোদন পেয়েছে। গিলিয়াড সায়েন্সেসের সঙ্গে লাইসেন্স চুক্তির আওতায় ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে।

লেনাকাপাভির বছরে দুবার ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়। গিলিয়াডের তৈরি ওষুধটির ব্র্যান্ড নাম ‘ইয়েজটুগো’। বড় পরিসরের পরীক্ষায় এইচআইভি প্রতিরোধে ওষুধটি প্রায় ১০০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডের ওষুধটির বার্ষিক দাম প্রায় ২৮ হাজার ডলার। অন্যদিকে, জেনেরিক সংস্করণটি বছরে প্রায় ৪০ ডলারে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ কয়েকটি নিম্ন আয়ের দেশে প্রাথমিকভাবে ওষুধটি সরবরাহের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে আরও বিস্তৃত পরিসরে সরবরাহ শুরু হতে পারে। জাম্বিয়া প্রাথমিক সরবরাহ পাওয়া দেশগুলোর একটি হতে পারে। এ কার্যক্রমে সহায়তা করছে ইউনিটেইড, ক্লিনটন হেলথ অ্যাকসেস ইনিশিয়েটিভ এবং উইটস রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড এইচআইভি ইনস্টিটিউট।

তবে এফডিএর প্রাথমিক অনুমোদন যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধটি বিক্রির অনুমতি নয়। পেটেন্ট ও বাজার-একচেটিয়া অধিকারের কারণে দেশটিতে জেনেরিক সংস্করণ বিক্রির সুযোগ এখনো তৈরি হয়নি।

এমপি/ আরআই

আরও পড়ুন