ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকা মেডিকেলে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৯, ০৫-১১-২০২৬

ঢাকা মেডিকেলে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

ছবি: মেডিকেল পোস্ট

দীর্ঘদিনের অনিয়ম ও হয়রানির অভিযোগের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালের চিকিৎসাসেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে এসেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন দুদকের চেয়ারম্যানের নেতৃত্বাধীন একটি দল। এ সময় কয়েকজন রোগীর স্বজন চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে প্রতিকার দাবি করেন।

অভিযান শেষে দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেন, ‘আমরা এখানে অনেক কিছু ঠিকঠাক পাইনি। চিকিৎসকদের রুমে পাইনি আমরা। জরুরি বিভাগে ডা: তানভীর থাকার কথা, তিনি নেই। নিউরো সার্জনকে রুমে পাইনি আমরা।’

তিনি আরও বলেন, ‘এখানে রোগীরা সেবা পাচ্ছেন না। একেবারে বেহাল অবস্থা। পরিচালককে বলেছি বিষয়গুলো দেখার জন্য। হাসপাতালে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

শুধু ঢাকা মেডিকেল নয়, সারা দেশে হাসপাতালসহ সব সেবাখাতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান।

এ সময় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন দুদকের উত্থাপিত অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, দালাল চক্রের দৌরাত্ম্য, জরুরি বিভাগে সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন