ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইবনে সিনায় বিশেষ চিকিৎসাসুবিধা পাবেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৫, ০৫-১১-২০২৬

ইবনে সিনায় বিশেষ চিকিৎসাসুবিধা পাবেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা

ছবি: মেডিকেল পোস্ট

ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য নির্ভরশীলরা বিশেষ ছাড়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

গতকাল (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।

এ সময় সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মানবসেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের ও গৌরবের। শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইবনে সিনা দীর্ঘদিন ধরে আস্থা ও নির্ভরতার সঙ্গে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় পরিবারের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি করবে। বিশেষ করে শিক্ষার্থীরা যেন সহজে এ সুবিধা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতা, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতির নেতা এবং ইবনে সিনা ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন