ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইংল্যান্ডে ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষার ট্রায়াল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০৬, ০৫-১১-২০২৬

ইংল্যান্ডে ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষার ট্রায়াল শুরু

ছবি: মেডিকেল পোস্ট

ইংল্যান্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবায় একাধিক ধরনের ক্যান্সার আগেভাগে শনাক্তে রক্ত পরীক্ষার কার্যকারিতা যাচাইয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। এ পরীক্ষার মাধ্যমে রোগীদের দ্রুত ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার আওতায় আনা এবং বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানো সম্ভব কি না, তা মূল্যায়ন করা হবে।

গতকাল (৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অন্তত ২০০টি জিপি বা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ট্রায়াল পরিচালিত হবে। এতে ২০ হাজারের বেশি রোগী অংশ নেবেন। ৪৫ বছর বা তার বেশি বয়সী যেসব রোগী পেটে দীর্ঘস্থায়ী ফাঁপাভাব বা অস্বস্তির মতো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যাবেন, তারা এতে অংশ নিতে পারবেন।

এদিকে, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর তৈরি কয়েকটি পরীক্ষাপদ্ধতি দিয়ে রক্তের নমুনায় ১৪ ধরনের ক্যান্সারের লক্ষণ শনাক্তের চেষ্টা করা হবে। এর মধ্যে রয়েছে প্রোস্টেট, ডিম্বাশয়, অন্ত্র, অগ্ন্যাশয়, পাকস্থলী ও যকৃতের ক্যান্সার। এসব ক্যান্সার অনেক ক্ষেত্রেই দেরিতে শনাক্ত হয়।

পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রক্তে বিভিন্ন প্রোটিনের পরিমাণ পরিমাপের প্রযুক্তি ব্যবহার করা হবে। রক্ত পরীক্ষার ফল চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে কতটা সহায়তা করে, তা যাচাই করা হবে। পরে পরীক্ষাগুলো দেশজুড়ে চালু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়, মাথাপিছু ক্যান্সারে মৃত্যুর হারের দিক থেকে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান তুলনামূলকভাবে খারাপ। এ পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন