ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৪, ১৯-১১-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ এবং পণ্যে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শৈলী বেকারি অ্যান্ড দাদু কনফেকশনারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (১৮ নভেম্বর) আমীরাবাগ এলাকার প্রতিষ্ঠানটির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। বেকারির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে ছিল। এ ছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই বিভিন্ন কেক, বিস্কুট ও খাদ্য উপকরণ সংরক্ষণ করা হচ্ছিল।

অভিযানকালে মজুত করা কালার পেস্ট ও ফুড কালারের ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি হালনাগাদ ফায়ার লাইসেন্স, পেস্ট কন্ট্রোলের প্রমাণক এবং পানি পরীক্ষার সনদও দেখাতে ব্যর্থ হয়। এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন