ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ব্যাংকগুলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৬, ১১-১০-২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ব্যাংকগুলো

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গুর বিস্তার রোধে আগামী তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ব্যাংকের সব ধরনের স্থাপনায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

রোববার (১১ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে প্রধান কার্যালয়, শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, বৃষ্টির পানি জমে থাকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো অপসারণ করতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

ব্যাংকের কার্যালয় ও ব্যবসায়িক স্থাপনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনেও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহারের কথা বলা হয়েছে। এ ছাড়া গ্রাম, শহর ও নগর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন