ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

চট্টগ্রামে ফুটপাত দখল করে হাসপাতালের র‍্যাম্প নির্মাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৫, ২০-১০-২০২৬

চট্টগ্রামে ফুটপাত দখল করে হাসপাতালের র‍্যাম্প নির্মাণ

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রামের ও.আর. নিজাম রোড আবাসিক এলাকায় ফুটপাতের প্রায় ৩ থেকে সাড়ে ৩ ফুট জায়গা দখল করে উঁচু ও ঢালু র‍্যাম্প নির্মাণের অভিযোগ উঠেছে মেডিকেল সেন্টার লিমিটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শিশু ও বয়স্কদের মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালের প্রবেশপথে র‍্যাম্প নির্মাণের কারণে ফুটপাতের উল্লেখযোগ্য অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এ ঘটনায় ফুটপাত দখলমুক্ত করা এবং র‍্যাম্প নির্মাণের বৈধতা যাচাইয়ের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে লিখিত অভিযোগ দিয়েছে ও.আর. নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সীমানা ঘেঁষে ফুটপাতের ওপর ইটের গাঁথুনি দিয়ে সীমানাপ্রাচীর ও ঢালু র‍্যাম্পের ভিত্তি নির্মাণ করা হচ্ছে। হাসপাতালের আগের সীমানা ছাড়িয়ে ফুটপাতের দিকে স্থাপনা সম্প্রসারণ করায় পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ও.আর. নিজাম রোড আবাসিক এলাকায় ৮০০টির বেশি পরিবার বসবাস করে। এলাকার বাসিন্দাদের পাশাপাশি প্রতিদিন বহু মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। র‍্যাম্পের কারণে তাদের মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে, যা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় বাসিন্দা নওশাদ বলেন, হাসপাতালের ভেতরের দিকে র‍্যাম্প নির্মাণ করে ফুটপাতের সঙ্গে সমন্বয় করা হলে পথচারীদের চলাচলে সমস্যা হতো না। কিন্তু উঁচু র‍্যাম্প নির্মাণ করায় ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটার পথ সংকুচিত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কল্যাণ সমিতির এক সদস্য বলেন, ফুটপাতের প্রায় ৩ থেকে সাড়ে ৩ ফুট জায়গা দখল করে র‍্যাম্প নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে সিডিএ ও চসিককে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে দখলের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা আশা করছেন।

সমিতির সাধারণ সম্পাদক এম এ বাশার বলেন, হাসপাতাল নির্মাণের সময় সামনে ৫ থেকে ৭ ফুট জায়গা খালি রাখা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে এখন ফুটপাত দখল করে উঁচু র‍্যাম্প নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে সিডিএ ও সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধ অংশ ভেঙে দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, মেডিকেল সেন্টার হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ সেলিম বলেন, ‘আমরা দেয়ালটি সরিয়ে নেব।’

এমপি/ আরআই

আরও পড়ুন