শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৪, ২০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
প্রতিষ্ঠানটি এ অধিগ্রহণের ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চুক্তি অনুযায়ী, সাইলেন্স থেরাপিউটিকসের প্রতিটি আমেরিকান ডিপোজিটরি শেয়ারের জন্য ২০ ডলার দেবে মার্ক। প্রতিষ্ঠানটির আগের লেনদেনমূল্যের তুলনায় এ দর ১৩০ শতাংশ বেশি। ঘোষণার পর যুক্তরাষ্ট্রের বাজারে সাইলেন্সের শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।
এ অধিগ্রহণের মাধ্যমে মার্কের জিন-সাইলেন্সিং প্রযুক্তির সক্ষমতা বাড়বে। সাইলেন্সের তৈরি ছোট ইন্টারফেরিং আরএনএ (সিআরএনএ) প্রযুক্তি রোগসংশ্লিষ্ট জিনের বার্তা নিষ্ক্রিয় করে ক্ষতিকর প্রোটিন তৈরি প্রতিরোধে কাজ করে। আরএনএ এমন একটি অণু, যা জিনগত নির্দেশনা বহন করে এবং কোষকে প্রোটিন তৈরিতে সহায়তা করে।
সাইলেন্সের প্রধান পরীক্ষাধীন ওষুধ ‘ডাইভেসিরান’ পলিসাইথেমিয়া ভেরা (পিভি) নামের বিরল রক্তের ক্যান্সারের চিকিৎসায় উন্নত পর্যায়ের পরীক্ষায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এ রোগে অস্থিমজ্জা অতিরিক্ত লোহিত রক্তকণিকা তৈরি করে। রোগীদের রক্তের লোহিত কণিকার মাত্রা নিয়ন্ত্রণে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে রক্ত অপসারণ করতে হয়।
অনুমোদন পেলে এ ওষুধটি পিভির চিকিৎসায় তাকেদা ও প্রোটাগনিস্টের প্রতিদ্বন্দ্বী ওষুধ ‘মিমরাইলো’র সঙ্গে প্রতিযোগিতা করবে।
এ ছাড়া হৃদ্রোগের সঙ্গে সম্পর্কিত রক্তের প্রোটিন লিপোপ্রোটিন (এ)-এর উচ্চমাত্রা কমাতে ‘জারলাসিরান’ তৈরি করছে সাইলেন্স। পাশাপাশি উচ্চ কোলেস্টেরল, স্থূলতা ও রোগপ্রতিরোধ ব্যবস্থাসংশ্লিষ্ট রোগের চিকিৎসায়ও প্রাথমিক পর্যায়ের ওষুধ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গত দুই বছরেরও কম সময়ে এটি মার্কের তৃতীয় বড় অধিগ্রহণ। এর আগে ২০২৫ সালে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে স্প্রিংওয়ার্কস থেরাপিউটিকস অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া লাইফ সায়েন্সেস সরঞ্জাম প্রস্তুতকারক বায়ো-টেকনেকে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারে অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোম্পানি দুটি জানিয়েছে, যুক্তরাজ্যের প্রচলিত স্কিম অব অ্যারেঞ্জমেন্ট পদ্ধতিতে এ লেনদেন সম্পন্ন হবে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অধিগ্রহণটি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।
এমপি/ আরআই