ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

এফওপিএল বাস্তবায়নে এক মাসের প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫০, ২০-১০-২০২৬

এফওপিএল বাস্তবায়নে এক মাসের প্রচারাভিযান

ছবি: মেডিকেল পোস্ট

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির পরিমাণ সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে এবং কার্যকর ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধান বাস্তবায়নের দাবিতে এক মাসব্যাপী প্রচারাভিযান চালাবেন তরুণরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যভিত্তিক পোস্ট, সংক্ষিপ্ত ভিডিও, কুইজ ও তরুণদের বক্তব্যের মাধ্যমে এ প্রচারাভিযান পরিচালনা করা হবে।

গতকাল (১৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর আয়োজিত এক কর্মশালায় এ উদ্যোগের কথা জানানো হয়। ‘আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে জনদাবি: বাংলাদেশে নীতিগত উদ্যোগের জন্য তরুণদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এফওপিএল বাস্তবায়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের নীতিগত প্রেক্ষাপট এবং জনদাবি তৈরিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সদস্য (আইন ও নীতি) ও যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সিনিয়র পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি কনসালট্যান্ট মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি উপদেষ্টা আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। প্যাকেটজাত খাবারের পুষ্টিতথ্য সহজ ভাষায় প্যাকেটের সামনের অংশে সতর্কতাসহ তুলে ধরার দাবির প্রতি সমর্থন ও এ বিষয়ে সম্পৃক্ততার কথাও তুলে ধরেন তিনি।

কর্মশালায় মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যকর এফওপিএল নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পক্ষে সম্মিলিত জনসমর্থন গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, আমিনুল ইসলাম সুজন তরুণদের নেতৃত্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারাভিযানের কৌশল ও গুরুত্ব তুলে ধরেন।

পরিকল্পনা অনুযায়ী, এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যভিত্তিক পোস্ট, সংক্ষিপ্ত ভিডিও, কুইজ ও তরুণদের বক্তব্য প্রকাশ করা হবে। এর মাধ্যমে এফওপিএল বিষয়ে জনআলোচনা জোরদার করার পাশাপাশি কার্যকর, বাধ্যতামূলক ও প্রমাণভিত্তিক প্রবিধান দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের পক্ষে জনদাবি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, তরুণদের সম্মিলিত উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর এফওপিএল বাস্তবায়নের পক্ষে জনদাবি জোরদার করবে।

এমপি/ আরআই

আরও পড়ুন