ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডব্লিউএইচও

বিশ্বে ৭৫ শতাংশ মৃত্যুই ঘটছে অসংক্রামক রোগে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২৭, ২১-১০-২০২৬

বিশ্বে ৭৫ শতাংশ মৃত্যুই ঘটছে অসংক্রামক রোগে

ছবি: মেডিকেল পোস্ট

বিশ্বজুড়ে মোট মৃত্যুর প্রায় ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগের কারণে। এসব রোগের মধ্যে হৃদরোগ, ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও ডায়াবেটিস অন্যতম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতিবছর হৃদরোগে প্রায় ২ কোটি মানুষের মৃত্যু হয়। অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে হৃদরোগকে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তামাক ও অ্যালকোহল সেবন, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং বায়ুদূষণ অসংক্রামক রোগের প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে।

গবেষণায় দেখা গেছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কম শিক্ষিত মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের হার বেশি। এ ছাড়া গ্রামীণ এলাকার মানুষ উচ্চ রক্তচাপ পরীক্ষা এবং ক্যান্সার শনাক্তকরণে প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের সুযোগ থেকেও পিছিয়ে রয়েছেন।

এদিকে, অসংক্রামক রোগের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। এ জন্য তামাক, অ্যালকোহল ও চিনিযুক্ত পানীয়ের ওপর কর বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।

এমপি/ আরআই

আরও পড়ুন