ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

হেপাটাইটিস বি’র নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৭, ২১-১০-২০২৬

হেপাটাইটিস বি’র নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ছবি: মেডিকেল পোস্ট

দীর্ঘমেয়াদি চিকিৎসা বন্ধের পরও হেপাটাইটিস বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখার সুযোগ তৈরি করতে পারে এমন একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিএসকের তৈরি ওষুধটির নাম হিবসাগো।

গতকাল (২০ অক্টোবর) এ অনুমোদনের কথা জানায় এফডিএ। ওষুধটির জেনেরিক নাম বেপিরোভিরসেন। সংস্থাটির তথ্যমতে, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি চিকিৎসায় এটি অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড ওষুধ।

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ওষুধটি গ্রহণকারী প্রায় প্রতি পাঁচজনের একজনের শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের মাত্রা শনাক্তের সীমার নিচে নেমে আসে। তারা অন্তত ছয় মাস অ্যান্টিভাইরাল চিকিৎসা ছাড়াই থাকতে পেরেছেন।

বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ে বসবাস করছেন। এ সংক্রমণ থেকে লিভারের ক্ষতি ও সিরোসিস হতে পারে। বর্তমানে প্রচলিত চিকিৎসায় মাত্র ১ থেকে ৪ শতাংশ রোগীর শরীর থেকে দীর্ঘমেয়াদে ভাইরাস নির্মূল হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানে কার্যকর নিরাময় বলা হয়।

হেপাটাইটিস বি চিকিৎসায় বহুল ব্যবহৃত নিউক্লিওটাইড অ্যানালগ ওষুধগুলো সাধারণত দীর্ঘদিন, এমনকি আজীবন গ্রহণ করতে হয়। এসব ওষুধ ভাইরাসের বংশবিস্তার দমন করলেও সাধারণত ভাইরাস পুরোপুরি নির্মূল করতে পারে না।

জিএসকের ওষুধটি এরই মধ্যে জাপানে অনুমোদন পেয়েছে। চীন ও ইউরোপে ওষুধটির অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনাধীন রয়েছে। বিরল রোগের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আয়োনিস ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ওষুধটির লাইসেন্স নিয়েছে জিএসকে। তবে যুক্তরাষ্ট্রে ওষুধটির দাম ও বাজারজাতকরণের সময় সম্পর্কে জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জিএসকে।

এমপি/ আরআই

আরও পড়ুন