ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

সন্ধানী ক্লিনিকে হামলা-ভাঙচুরের নিন্দা বিপিএইচসিডিএর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৩, ২৫-১০-২০২৬

সন্ধানী ক্লিনিকে হামলা-ভাঙচুরের নিন্দা বিপিএইচসিডিএর

ছবি: মেডিকেল পোস্ট

খুলনার সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। একই সঙ্গে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ডা: মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার (২৪ অক্টোবর) রাতে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভুল তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানায় সংগঠনটি।

বিপিএইচসিডিএর নেতারা বলেন, মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তারা আরও বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের হামলার পুনরাবৃত্তি রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে সংগঠনটি জানায়, রোগীর ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় তারা।

প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা সাত থেকে আটজন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে অধ্যাপক ডা: কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর চালায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্লিনিকের রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো কোনো মামলা হয়নি।

এমপি/ আরআই

আরও পড়ুন